বুলি

চৌকাঠ পার হইলেই জারুল গাছের বন

বনের পাশে পইড়া থাকে কলমিলতার মন।

ফড়িং ওড়ে, বাবুই ওড়ে, ওড়ে মৌমাছি

ক্ষেতের মাটি আনে আমায় তোমার কাছাকাছি।

আমার আবার পাখি পালার বড়ই মনের শখ

একটু দূরের, নদীর পাড়ের হাঁটতে থাকা বক।

মিষ্টি রোদের আলোয় জ্বলে, ওইযে বনের পথ

পথে চলে হরেক মানুষ, হরেক অভিমত।

এইযে সদাই মনের কথা সহজ করে বলি

আর কোথাতে আছে বলো, এমন ভাষা-বুলি?