নিশি

রহস্য করো না তো, ঈশিতা—

চুলগুলো ছেড়ে দাও বর্ষার বিছানো জলের মতো।

তারা অন্তরের আঁকাবাঁকা পাড় ধরে

বয়ে চলুক কয়েকটা মাস।

এমনই করে

সন্ধ্যা হোক;

আলো নিভে আসুক।

অন্ধকারে রহস্য করো না তো, ঈশিতা;

একটু করে ভয় পাও।

মোম ধরাও;

জনমে একবার হলেও—

কাছে আসার সুযোগ করে দাও।

রহস্য করো না তো, ঈশিতা—

চুলগুলো ছেড়ে দাও।