একটা কদম গাছ আর তুমি।
তারপর যা হওয়ার হোক।
ঝড়-বৃষ্টি-তুফান, প্রেম অথবা বিচ্ছেদ
স্বার্থপরতা কিংবা স্বার্থহীনতা
কিছুই যায় আসে না।
শুধু কুড়িয়ে পাওয়া কয়েকটি কদম হাতে
দাঁড়িয়ে থেকো তুমি আনমনে।
আর নাহয় একটু—
হেসো।
প্রয়োজনের অধিক পলক ফেলো।
শুনেছি সুন্দর চোখে নাকি আবার অধিক পলক ফেলতে হয়।
অনিচ্ছা হলেও ডানে-বায়ে তাকিও কয়েকবার।
গাল ফুলিয়ে খুঁজলে না হয় আমাকে কিছুক্ষণ!
দেখবে আমি না আসলেও
বৃষ্টি নেমে আসবে খুব এই বাদল দিনে।
এরপর একটা কদম গাছ, তুমি আর বৃষ্টি।
আর তেমন কিছুই যায় আসে না।



