একদিন চলো আমরা চলে যাই বাংলাবান্ধায়
শীত-শীত সন্ধ্যায় এক চাদরে চলো আমরা হই কাঁটাতার।
ট্রেনে তুমি আমার হাতটা নাহয় অনেকবার ধরার চেষ্টা করলে
কিন্তু গতকালের অভিমান যেন যাচ্ছেই না তোমার।
আমি হয়তো ঈশ্বরদীর অপেক্ষায় থাকবো।
ট্রেন থামবে—
আর এই দুপুরের রোদে আমি ব্যস্ত হয়ে খুঁজবো
একগুচ্ছ হলুদ গোলাপ।
আমরা যাবো তিস্তায়, করতোয়ায় অথবা তিন বিঘায়।
এক দেশ দিয়ে হেঁটে আরেক দেশ যাওয়ার সময় তুমি খুব হাসবে—
চুল সরিয়ে বলবে— এও সম্ভব?
পাহাড়হীন চা বাগান দেখে তুমি বলবে— বেশ বেমানান।
এরপর দুপুরে যখন তেঁতুলিয়া পৌঁছাবে তুমি
খুব আফসোস করে বলবে— ইশ! আরেকটু আগে আসলেই হতো!
ফেরার সময়—
অভিমান কমবে অনেকটাই।
তুমি ঘুম ঘুম চোখে হেলে পড়বে আমার কাঁধে।
আমি পাহাড়সম পারমাণবিক কেন্দ্রের নিয়ন আলোয় দেখবো
আমার পাশেই তো রংপুর।
