সন্ধ্যামালতী

তুমি

অথবা তোমার চোখ।

একটু লেপটে যাওয়া কাজলরেখায় মাত্র ফোটা কাশফুল বা

আকস্মিক সন্ধ্যায় পথ হারানো পাখির ডানার মতো হাত।

অতঃপর—

সে হাতে রাখা আমার হাত।

এমন আবছা আলোর শিশির বাতাসেই ছিলো আমাদের

সন্ধ্যামালতীর জীবন।

ছিলো অনাবশ্যক অজস্র হাসি— হাঁটাহাঁটি

তোমার আর আমার।

এখনো এ পথে হাঁটলেই চোখে পড়ো তুমি

অথবা তোমরা চোখ।

অতঃপর—

কিছু নিঃশব্দ

এবং আমাদের সন্ধ্যামালতীর জীবন।