শোনো, বহমান তো অনেক কিছুই—
তোমার চোখের জল
বৃষ্টির পরে হাওয়া
থেমে থাকা সময়
অথবা বিষাদগ্রস্ত দিন।
এসবের সাথেই বয়ে চলি তুমি আর আমি।
আমরা পুরনো হই বইয়ের তাকের মতো।
আমাদের বইয়ে ধুলো জমে আসে, পাতা ঝরে
কখনো পাওয়া যায় আঙ্গুল রাখার ছাপ। কখনো
টিপটিপ বৃষ্টির পরে মাটি ছুঁলে পাওয়া যায়, আমাদের আমৃত্যু অবাক-কথন।
এমনই করে বয়ে চলি তুমি আর আমি।
তবু,
বহমান এতো কিছুর মাঝেও একদিন তুমি থেমে যেও
আকাশের নীল দেখে যেমন হারিয়ে যায় চীল, তেমন করে
তুমিও একদিন নীলে হারিয়ে যেও।
বহমানের দুনিয়ায় এক টুকরো মেঘ হয়ে নাহয়
থেকে যেও আমার আকাশে?



