প্রত্যাবর্তন

আমরা আবারও ফিরে আসি শূন্যতার কাছে

একগুচ্ছ হলুদ গোলাপ হাতে, বিপন্ন চোখের

সমাপিত অশ্রুমালা হয়ে,

আমরা আবারও ফিরে আসি শূন্যতার কাছে।

যা থাকার তা ছেড়ে দিয়ে,

যা পাবার তা ভুলে গিয়ে,

যা শোনার তা পিছে ফেলে,

আমরা কেবল ফিরে আসি শূন্যতার কাছে।

যেখানে হৃদয়ের খুব কাছে,

প্রার্থিত সব প্রেম আছে,

যেখানে সময়ের অন্তরালে,

হাজার বছরের স্বপ্ন আছে।

আমরা তাই ফিরে আসি শূন্যতার কাছে,

শুধু—

ফিরে যেতে হয় বলে।

আবৃত্তি